৯ম পে স্কেল নিউজ

সরকারি কর্মচারীদের জন্য নতুন ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ অনুমোদন: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৩১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বেতনস্কেল অনুমোদন করা হয়, যা চলতি বছরের ১ জুলাই ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে। একই সাথে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬’ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নতুন ভাতার অনুমোদন দেওয়া হয়েছে।

বেতনস্কেল প্রণয়নের প্রেক্ষাপট

জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিটি-২০২৫ এর প্রতিবেদন পাওয়ার পর সুপারিশ প্রণয়নের জন্য একটি সচিব কমিটি গঠন করা হয়েছিল। সচিব কমিটির দাখিল করা প্রতিবেদন পর্যালোচনা করে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং কর্মচারীদের জীবনমান বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা এই নতুন বেতন কাঠামো অনুমোদন করে।

মূল বেতন ও গ্রেড বিন্যাস

নতুন বেতনস্কেলে পূর্বের ২০টি বেতন গ্রেডই বহাল রাখা হয়েছে। তবে মূল বেতন উল্লেখযোগ্য পরিমাণে পুনর্নির্ধারণ করা হয়েছে:

  • সর্বনিম্ন মূল বেতন: ২০তম গ্রেডের জন্য ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • সর্বোচ্চ মূল বেতন: ১ম গ্রেডের জন্য ১,৫৬,০০০ টাকা নির্ধারিত হয়েছে।

  • বেতন বৈষম্য হ্রাস: সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত ১:১.৯৫০ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে। এর ফলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে।

পেনশনের ক্ষেত্রে স্লাভভিত্তিক বিশেষ বৃদ্ধি

নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘এক গ্রেড এক পেনশন’ (One Rank One Pension – OROP) পদ্ধতি বাস্তবায়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এটি ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত রয়েছে। তবে বর্তমান অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে স্লাভভিত্তিক নিট পেনশনের পরিমাণ বাড়ানো হয়েছে:

  • ৯,০০০ টাকা বা তদূর্ধ্ব নিট পেনশনভোগীদের ক্ষেত্রে ১০০ শতাংশ,

  • ৯,০০১ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত ৭৫ শতাংশ,

  • ২০,০০১ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত ৬৫ শতাংশ,

  • ৩০,০০১ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত ৬০ শতাংশ, এবং

  • ৪০,০০১ টাকা বা তদূর্ধ্ব নিট পেনশনভোগীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নিট পেনশন বৃদ্ধি পাবে।

নতুন ভাতা ও সুযোগ-সুবিধা

  • প্রতিবন্ধী সন্তান ভাতা: প্রজাতন্ত্রের কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য প্রথমবারের মতো মাসিক ৩,০০০ টাকা ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • মোবাইল ভাতা: ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় এতদিন কেবল ৫ম গ্রেডের কর্মচারীরা মোবাইল ভাতা পেলেও, এখন থেকে সকল গ্রেডের কর্মচারী এই সুবিধা পাবেন।

ধাপে ধাপে বাস্তবায়ন ও আর্থিক সংশ্লেষ

অর্থনৈতিক চাপ এড়াতে পুরো বেতনস্কেল একযোগে বাস্তবায়ন না করে চলতি ২০২৬-২৭ ও আগামী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে মূল বেতন মোট তিনটি ধাপে এবং ভাতাগুলো পরবর্তীতে একযোগে কার্যকর করা হবে। জুডিসিয়াল সার্ভিসের জন্যও পৃথক কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অনুরূপ পে-স্কেল কার্যকর হবে।

এই বেতনস্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক-অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী উপকৃত হবেন। এতে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৫০ কোটি টাকা, যা মিডটার্ম বাজেট কাঠামোর (MTBF) আওতায় সুরক্ষিত রয়েছে।

Source File: পে স্কেল নিয়ে প্রেস বিজ্ঞপ্তি ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *