NID CARD INFO

আগামী ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ: সংশোধনীর সুযোগ ২৪ আগস্ট পর্যন্ত, চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট

আসন্ন বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী ০৯ আগস্ট, ২০২৬ তারিখে দেশব্যাপী হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আজ ০৯ জুলাই নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভোটার তালিকা আইন, ২০০৯’ এর ধারা ৩ (জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই, ২০০৮ বা তার পূর্বে যাদের জন্ম এবং ৩১ জুলাই, ২০২৬ তারিখ পর্যন্ত যারা ভোটার ডাটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন—তাদেরকে অন্তর্ভুক্ত করে এই ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ সময়সূচি সমূহ: নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত বিস্তারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রমসমূহ নিম্নরূপভাবে সম্পন্ন হবে:

১. ০৪ আগস্ট ২০২৬: হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের নিকট লিংক প্রেরণের শেষ তারিখ। ২. ০৯ আগস্ট ২০২৬: হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা মুদ্রণপূর্বক সর্বসাধারণের জন্য প্রকাশ। ৩. ২৪ আগস্ট ২০২৬: খসড়া তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ। ৪. ২৭ আগস্ট ২০২৬: সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাখিলকৃত দাবি, আপত্তি ও সংশোধনীর আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ। ৫. ২৮ আগস্ট ২০২৬: নিষ্পত্তিকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত তালিকায় সন্নিবেশকরণ। ৬. ৩১ আগস্ট ২০২৬: হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

কোথায় পাওয়া যাবে এই খসড়া তালিকা? আগামী ৯ আগস্ট প্রকাশিতব্য এই খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন দাখিলের সুবিধার্থে প্রতিটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিস সমূহে প্রদর্শনীর জন্য রাখা হবে।

ভুল সংশোধন ও আপত্তির নিয়ম: প্রকাশিত খসড়া তালিকা থেকে যদি যোগ্য কোনো নাগরিক বাদ পড়েন কিংবা তালিকায় কারও নাম, বয়স, পিতা/মাতার নাম বা অন্য কোনো তথ্যে ভুল থাকে, তবে আগামী ২৪ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এছাড়া তালিকায় কোনো অযোগ্য ভোটারের অন্তর্ভুক্তি থাকলে সে বিষয়েও আপত্তি জানানো যাবে। ২৭ আগস্টের মধ্যে সকল আবেদন নিষ্পত্তি করে আগামী ৩১ আগস্ট, ২০২৬ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই চূড়ান্ত তালিকাই পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনসমূহে ব্যবহার করা হবে।

ব্যাপক প্রচারণার নির্দেশ ইসির: কমিশন তাদের বিজ্ঞপ্তিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই কার্যক্রমের বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে। মুদ্রিত খসড়া ভোটার তালিকা সর্বসাধারণের পরিদর্শন এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন দাখিলের আহ্বান জানিয়ে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে-পরে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া স্থানীয় সাংবাদিক এবং কেবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। বিশেষ করে মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ তালিকায় কোনো মহিলা ভোটার বা মহিলা তালিকায় পুরুষ ভোটারের অন্তর্ভুক্তি এবং ধর্ম সংক্রান্ত কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা দ্রুত সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ অভিহিত করে দেশের সকল উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সোর্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *