Latest News

বাংলাদেশ বেতারে প্রচারিত বিজ্ঞাপনের নতুন মূল্যতালিকা অনুমোদন

বাংলাদেশ বেতারে প্রচারিত বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য নতুন মূল্যতালিকা অনুমোদন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনের পর বাংলাদেশ বেতার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। নতুন মূল্যতালিকায় স্পট/জিঙ্গেল, স্পন্সরড অনুষ্ঠান, টাইটেল স্পন্সর, ব্র্যান্ডিং, খেলাধুলার সম্প্রচার স্পন্সরসহ বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের হার পুনর্নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ বেতারের মহাপরিচালকের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে বেতারে প্রচারিত বিজ্ঞাপনের নতুন মূল্যতালিকা কার্যকর করা হচ্ছে। এ লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ মূল্যতালিকা সংযুক্ত করে সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন মূল্যতালিকায় মাধ্যম তরঙ্গ (এএম) ও এফএম ট্রান্সমিটারে প্রচারিত স্পট/জিঙ্গেল বিজ্ঞাপনের সময়ভিত্তিক পৃথক হার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ১০, ১৫, ২০ ও ৩০ মিনিটের স্পন্সরড অনুষ্ঠানের জন্যও নতুন বিজ্ঞাপন মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া টাইটেল স্পন্সর ও ব্র্যান্ডিং সুবিধার ক্ষেত্রেও নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে।

এছাড়া ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার সম্প্রচার স্পন্সর, ওয়ানডে ও টি-২০ ম্যাচের ব্র্যান্ডিং, ফুটবল টুর্নামেন্টের ব্র্যান্ডিং এবং সংবাদের আগে, মাঝখানে ও শেষে স্পট/জিঙ্গেল প্রচারের জন্যও পৃথক মূল্যহার নির্ধারণ করা হয়েছে। মূল্যতালিকায় ট্রান্সমিটারের ক্ষমতা ও অনুষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন হার উল্লেখ রয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে সরকার নির্ধারিত অগ্রিম আয়কর (Advance Income Tax) এবং প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করতে হবে। পাশাপাশি বিজ্ঞাপন প্রচারে বাংলাদেশ বেতারের নির্ধারিত নীতিমালা, বিধিবিধান ও বাণিজ্যিক সম্প্রচার সংক্রান্ত শর্তাবলি অনুসরণ বাধ্যতামূলক থাকবে।

নথিতে উল্লেখিত শর্ত অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি সরাসরি বিজ্ঞাপন প্রদান করলে নির্ধারিত কমিশন সুবিধাও প্রযোজ্য হবে। এছাড়া আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রচার, বিশেষ অনুষ্ঠান ও বাণিজ্যিক প্রচারের ক্ষেত্রে আলাদা শর্ত ও মূল্যহার কার্যকর থাকবে।

বাংলাদেশ বেতার সূত্রে জানা গেছে, নতুন এই মূল্যতালিকার মাধ্যমে বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রম আরও সুশৃঙ্খল করা এবং বিজ্ঞাপন ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল বিভাগকে অনুমোদিত মূল্যতালিকা অনুযায়ী বিজ্ঞাপন গ্রহণ ও সম্প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *