সরকারি চাকুরিজীবীদের জন্য সুখবর: আসছে নবম পে-স্কেল, প্রথম ধাপেই বাড়বে মূল বেতন
সরকারি চাকুরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। তিন বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নে পুনর্গঠিত কমিটি নবম পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের জোর সুপারিশ করেছে। সরকারের উচ্চপর্যায়ে এই প্রস্তাবনা ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাজেটে বিশেষ বরাদ্দ সূত্রমতে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার। এই নতুন বেতন কাঠামো কার্যকর করার জন্য আসন্ন বাজেটে বিশেষ আর্থিক বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হয়েছে। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা বিবেচনা করেই সরকার এই উদ্যোগ নিয়েছে।
ধাপে ধাপে বাস্তবায়ন ও বেতন বৃদ্ধি কমিটির সুপারিশ অনুযায়ী, নবম পে-স্কেল একবারে কার্যকর না করে কয়েক’টি ধাপে বাস্তবায়ন করা হতে পারে। তবে সরকারি চাকুরিজীবীদের জন্য বড় সুখবর হলো, এই প্রক্রিয়ার প্রথম ধাপেই মূল বেতন (Basic Salary) বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে করে শুরু থেকেই চাকুরিজীবীরা আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন।
পুনর্গঠিত কমিটির ভূমিকা বিগত সময়ে তিন বেতন কমিশনের প্রতিবেদনগুলো পর্যালোচনার জন্য সরকার একটি শক্তিশালী কমিটি পুনর্গঠন করেছিল। সেই কমিটিই বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির এই রূপরেখা তৈরি করেছে। কমিটির মতে, ধাপে ধাপে বাস্তবায়ন করলে সরকারের ওপর হঠাৎ বড় ধরনের আর্থিক চাপ পড়বে না, আবার চাকুরিজীবীরাও উপকৃত হবেন।
উল্লেখ্য যে, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন পে-স্কেল বাস্তবায়নের এই খবরে সরকারি চাকুরিজীবী মহলে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এখন এই সুপারিশের আলোকে চূড়ান্ত প্রশাসনিক ও আর্থিক রূপরেখা তৈরিতে কাজ করছে।

