রান্নার খরচে নতুন ধাক্কা: দুই হাজার ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
দেশের বাজারে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের দোহাই এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ডিলারদের কমিশন বৃদ্ধির অজুহাতে ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে এই ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিইআরসির নতুন এই প্রজ্ঞাপন জারির পর থেকেই তা কার্যকর করা হয়েছে।
দাম বৃদ্ধির নেপথ্যে কমিশন বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজার:
বিইআরসি সূত্রে জানা গেছে, কেবল আন্তর্জাতিক বাজারের অস্থিরতাই নয়, বরং স্থানীয় পর্যায়ে সাপ্লাই চেইনের বিভিন্ন স্তরে কমিশন বাড়ানোর ফলে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী—
-
আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ (পরিবহন খরচসহ) ১২ কেজি সিলিন্ডারে ২৮১ টাকা ৭৬ পয়সায় উন্নীত করা হয়েছে।
-
ডিলারদের কমিশন বাড়িয়ে করা হয়েছে ৮৫ টাকা।
-
খুচরা বিক্রেতাদের কমিশন নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।
বেড়েছে অটোগ্যাসের দামও:
সিলিন্ডারের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাস এখন থেকে ভোক্তাদের কিনতে হবে ৯১ টাকা ৯৫ পয়সায়, যা পূর্বে ছিল ৮৪ টাকা ৬২ পয়সা।
ভোক্তা মহলে তীব্র অসন্তোষ:
এলপিজির দাম দফায় দফায় দুই হাজার টাকা ছাড়িয়ে যাওয়ায় শহরাঞ্চলের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর মাসিক বাজেটে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। সাধারণ ভোক্তাদের অভিযোগ, কাগজে-কলমে বিইআরসি দাম কিছুটা নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে এর সুফল কখনো মেলে না। এর আগের মাসগুলোতেও নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত ২শ থেকে ৩শ টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। বর্তমান বাজারে এই মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের পাশাপাশি রান্নার জ্বালানি খরচ মেটাতেও হিমশিম খেতে হচ্ছে সাধারণ নাগরিদের।

মন্তব্য (০)