ব্যক্তিশ্রেণির আয়করে বড় পরিবর্তন: করমুক্ত সীমা ৩.৭৫ লাখ টাকা, সর্বোচ্চ করহার ৩০%
দেশে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। আয়কর আইন, ২০২৩-এর ধারা ২(৬৯)-এ সংজ্ঞায়িত অনিবাসী বাংলাদেশিসহ সকল স্বাভাবিক ব্যক্তি (individual) এবং হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে নতুন করধাপ ও করহার নির্ধারণ করা হয়েছে। সরকারের নতুন এই নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২০২৭ এবং ২০২৭২০২৮ করবর্ষের জন্য সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার টাকা। এর ঊর্ধ্বের আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত প্রগতিশীল করহার প্রযোজ্য হবে।
আজ সরকারের এক প্রজ্ঞাপনে (তফসিল-২, ধারা ১৫১ দ্রষ্টব্য) আগামী করবর্ষগুলোর জন্য এই বিস্তারিত করছক ও বিশেষ রেয়াতের সুবিধা প্রকাশ করা হয়।
২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের সাধারণ করহার
নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ করদাতাদের বার্ষিক আয়ের ওপর করের ধাপগুলো নিচে টেবিলে তুলে ধরা হলো:
| করধাপ (টাকা) | করহার |
| প্রথম ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত | শূন্য (০%) |
| পরবর্তী ৩,০০,০০০ টাকা পর্যন্ত | ১০% |
| পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত | ১৫% |
| পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত | ২০% |
| পরবর্তী ২০,০০,০০০ টাকা পর্যন্ত | ২৫% |
| অবশিষ্ট টাকার ওপর | ৩০% |
নারী, জ্যেষ্ঠ নাগরিক ও বিশেষ শ্রেণির জন্য বড় ছাড়
সাধারণ করদাতাদের পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া, বিশেষ চাহিদাসম্পন্ন এবং দেশের সূর্যসন্তানদের জন্য করমুক্ত আয়ের সীমায় বড় ধরনের রেয়াত বা ছাড় দেওয়া হয়েছে। গেজেটের শর্তানুযায়ী:
-
নারী ও প্রবীণ নাগরিক: নারী করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা হবে ৪ লাখ ২৫ হাজার টাকা।
-
তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তি: তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য এই সীমা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।
-
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানের আহতরা: গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতাদের জন্য করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা হবে ৫ লাখ ২৫ হাজার টাকা।
প্রতিবন্ধী সন্তানের পিতা-মাতার জন্য অতিরিক্ত সুবিধা
নতুন নিয়মে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারকে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের (dependant) জন্য করমুক্ত আয়ের সীমা আরও ৫০,০০০ টাকা বেশি হবে। তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই যদি করদাতা হন, তবে তাঁদের মধ্যে যেকোনো একজন কেবল এই বিশেষ সুবিধাটি ভোগ করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, এবারের কর কাঠামোতে মধ্যবিত্তের ওপর চাপ কিছুটা সামঞ্জস্য করার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের আহতদের বিশেষ রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুবিধা দেওয়া এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ইতিবাচক প্রতিফলন ঘটেছে।

